সালেহ ফুয়াদের অনুবাদে ইনতেজার হুসেইনের উপন্যাস ‘বাস্তি’

অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে প্রকাশ হয়েছে সালেহ ফুয়াদের অনুবাদে উর্দু সাহিত্যিক ইনতেজার হুসেইনের উপন্যাস ‘বাস্তি’।

বইটি বের করেছে ঐতিহ্য। প্রচ্ছদ ধ্রুব এষ। মেলায় পাওয়া যাচ্ছে ঐতিহ্যের স্টলে (প্যাভিলিয়ন-১৪)। গায়ের দাম রাখা হয়েছে ৪০০ টাকা, ২৫% ছাড়ে পাওয়া যাবে ৩০০ টাকায়।

অনুবাদক সালেহ ফুয়াদ বইটি প্রসঙ্গে বলেন, ‘বাস্তি দেশভাগ ও পাকিস্তানের ট্র্যাজিক ইতিহাসের ওপর লেখা উর্দু সাহিত্যের ক্ল্যাসিক উপন্যাস। বাস্তি মানে বসবাসের জায়গা, লোকালয়, গ্রাম, শহর। এতে সাতান্নর সিপাহি বিপ্লব, সাতচল্লিশের দেশভাগ, পঁয়ষট্টির ভারত-পাকিস্তানের যুদ্ধ, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের বাঙালির সংগ্রাম তথা ভারতবর্ষের বসতির খণ্ডবিখণ্ডের ইতিহাস উঠে এসেছে এক অসামান্য শিল্পকুশলতায়।’

তিনি আরও বলেন, ‘বইটা উর্দু থেকে অনুবাদ করেছি। আমার ইতিমধ্যে প্রকাশিত সবগুলো বই-ই উর্দু থেকে অনূদিত। বাস্তির ইংরেজি অনুবাদটা যেহেতু ম্যানবুকার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছিল সে জন্য ইংরেজি অনুবাদটার প্রতি আমার আগ্রহ ছিল বেশ। ভারত থেকে বাস্তির ইংরেজি অনুবাদ সংগ্রহ করে দিয়ে ভীষণ উপকার করেছেন প্রিয় লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক হাসান মোরশেদ ভাই। তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। পাণ্ডুলিপিতে নজর বুলিয়ে ফ্ল্যাপ লিখে দিয়ে কৃতজ্ঞ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি ও অধ্যাপক ডক্টর ফিরদৌস আজীম। অনুবাদের খোঁজখবর নিয়ে বারবার তাগাদা দিয়েছেন প্রিয় কবি মহিউদ্দীন মুহাম্মদ ও কথাসাহিত্যিক নাহিদা নাহিদ। তাদের প্রতিও কৃতজ্ঞতা।’

সালেহ ফুয়াদের জন্ম সিলেটে। পড়াশোনা করেছেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে। সাম্প্রতিক কালে অনুবাদে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। এর আগে তার প্রকাশিত অনুবাদ বইগুলো হচ্ছে-‘স্যাম চাচাকে লেখা মান্টোর চিঠি’, ‘ইনতেজার হুসেইনের শ্রেষ্ঠগল্প’, ‘সালমান রুশদি ও মিছিলের রাজনীতি’ (মওলানা ওয়াহিদুদ্দিন খান)।