গৌরাঙ্গ হালদারের অনুবাদে ম্যাট ক্লেটনের ‘নর্স মিথ’

অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে প্রকাশ পেয়েছে গৌরাঙ্গ হালদারের অনুবাদে ম্যাট ক্লেটনের ‘নর্স মিথ’।

স্ক্যান্ডিনেভীয় পুরানের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে বইটি বের করেছে পেন্ডুলাম পাবলিশার্স। প্রচ্ছদ বিধান সাহা। মেলায় পাওয়া যাচ্ছে পেন্ডুলামের স্টল নম্বর ২৭১-এ।

বইটি প্রসঙ্গে অনুবাদক গৌরাঙ্গ হালদার বলেন, ‘মিথ নিরেট ইতিহাস নয়। মিথ মানুষের স্মৃতি হারানোর স্মৃতি। স্মৃতি হারানোর স্মৃতি কল্পনার বাহন ছাড়া আসে না। মানুষের কল্পনা নতুন সৃষ্টি নিয়ে আসে। মিথ অথবা পুরাণ- তাই পুরাতন নয়। পৌরাণিক স্থান কাল পাত্র অতীতে নেই। বর্তমানে আছে। নবজন্মে। নবরূপে। সংবাদপত্র আর টেলিভিশনে চোখ রাখলেই ব্যাপারটা পরিষ্কার বোঝা যায়। যুদ্ধ আর ভয়ংকর দানবে সারা দুনিয়া এখন অতিকায় পৌরাণিক একটি ক্ষেত্র। ম্যাট ক্লেটনের নর্স মিথ পাঠকের সঙ্গে তেমনই এক সংযোগ তৈরি করবে আশা করছি।’

গৌরাঙ্গ হালদারের জন্ম বরিশালে। কর্মসূত্রে থাকেন ঢাকায়। বিশ্বসাহিত্য ও মার্কসীয় সাহিত্য তত্ত্ব নিয়ে তার আগ্রহ দীর্ঘদিন ধরে। করছেন নিয়মিত অনুবাদও। এর আগে প্রকাশিত তার বইগুলো- ‘লান্দাই’ (সমকালীন আফগান নারীদের কবিতা), ‘প্রজ্ঞান’ (কাহলিল জিবরান), ‘তুমি অনন্য’ (ম্যাক্স লুকাডো)। প্রকাশের অপেক্ষায় আছে ফরাসি দার্শনিক আলা বাদিউ’র গুরুত্বপূর্ণ একটি বইয়ের অনুবাদ ‘ইতিহাসের পুনর্জন্ম: গণ-অভ্যুত্থান ও লড়াইয়ের কালপর্ব’।