অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে প্রকাশ পেয়েছে নাজমুস সাকিব রহমানের প্রথম কাব্যগ্রন্থ ‘রাউলা’।
বইটি বের করেছে খড়িমাটি। গায়ের দাম রাখা হয়েছে ১৫০ টাকা। মেলায় পাওয়া যাচ্ছে খড়িমাটির স্টল নং ৪৩৪-এ। এ ছাড়াও চট্টগ্রাম বইমেলায় ১৬৪-১৬৫ নং স্টলে পাওয়া যাবে বইটি।
‘রাউলা’ প্রসঙ্গে নাজমুস সাকিব রহমান বলেন, ‘লাইফের একটা টাইম মানুষকে একাডেমিক সিভি বানাতে হয়। আমিও বানিয়েছি। প্রথম প্রথম সিভি বানাতে গেলে খুবই বিব্রত হতাম। দেখতাম অনেকের মতো দুইটা জন্মদিন নিয়ে বেঁচে আছি। নামের স্পেলিংও ঠিক নেই। এই বিব্রতবোধ থেকে বাঁচতে আমের আচার থেকে লিটেরাচার―যেকোনো কিছু নিয়ে একটা বই করার সিদ্ধান্ত নিই। রাউলা শব্দের অর্থ নয়েজ; আমি এই নয়েজকে সিভি হিসেবে দেখছি।’
তিনি আরও বলেন, ‘আমি কবিতাকে সব সময় কনটেন্ট হিসেবে দেখেছি। রাউলা আগাগোড়া কনটেন্টের বই। আমার গত ৮-১০ বছরের জার্নি। মার্ক নফলার, এরিক ক্ল্যাপটন, পিংক ফ্লয়েড, হুমায়ূন আহমেদ, উইলিয়াম শেক্সপিয়ার, উৎপলকুমার বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, দ্য ডোরস, মারজুক রাসেল, গুলজার, রবীন্দ্রনাথ ঠাকুর, মান্না দে, কিশোর কুমার, জয়া আহসান, অড্রে হেপবার্ন, মেরিলিন মনরো, সোফিয়া লরেন, ক্রিস্টোফার নোলান, মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, শহীদুল জহির, জাহীদ রেজা নূর, লিওনার্দ কোহেন, উপল বড়ুয়া ও নাজমুস সাকিব রহমান―এই সব মিলিয়ে রাউলা।
নাজমুস সাকিব রহমানের জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। যুক্ত আছেন সাংবাদিকতার সঙ্গে। প্রথম বই কবিতার হলেও কথাসাহিত্যের দিকেই তার অধিক ঝোঁক দেখা যায়। একাধিক দৈনিক পত্রিকায় তার লেখা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।