জাতীয় নাট্যোৎসব

কুড়িগ্রামে মঞ্চস্থ হলো উত্তরে অগ্নিকাল ও চিয়ারী

মুক্তিযুদ্ধ ও একাত্তরের চেতনাকে তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে ‍কুড়িগ্রামে মঞ্চস্থ হলো নাটক- উত্তরে অগ্নিকাল ও চিয়ারী।

শনি ও রবিবার কুড়িগ্রাম পৌরসভা মিলনায়তনে নাটক দুটি মঞ্চস্থ হয়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে দেশব্যাপী ৬৪ জেলায় জাতীয় নাট্যোৎসব এর অংশ হিসেবে দুই দিনব্যাপী এই নাট্য উৎসবের উদ্বোধন করেন পৌর মেয়র আব্দুল জলিল।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, কবি জ্যোতি আহমদ, সোলায়মান বাবুল, নাট্যকার হেলাল জাহাঙ্গীর, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী, শিক্ষাবিদ উদয় শঙ্কর চক্রবর্তী, শাহানুর রহমান প্রমুখ।

উৎসবের প্রথম দিন শনিবার প্রচ্ছদ কুড়িগ্রামের পরিবেশনায় হেলাল জাহাঙ্গীর রচিত ও সরোয়ার হোসেন সঞ্জুর নির্দেশনায় মঞ্চস্থ হয় উত্তরে অগ্নিকাল । রবিবার রংপুর চেতনা নাট্য গোষ্ঠীর পরিবেশনায় আনিসুল হকের রচনা অবলম্বনে মাখন বণিকের নাট্যরূপে মনছুর আলী বাবলুর নির্দেশনা মঞ্চস্থ হয় চিয়ারী।

ঘাতক দালাল নির্মূল কমিটির কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল বোস দেশ রূপান্তরকে বলেন, আমাদের আজকের এই সমাজ মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ, সংবিধান থেকে দূরে সরে যাচ্ছে। তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসকে তুলে ধরার জন্য হলেও এমন নাটকের দরকার আছে।