মো. জাকারিয়া রহমান ইমির প্রথম কাব্যগ্রন্থ ‘দ্বিভা’র মোড়ক উন্মোচিত হয়েছে।
বনানীর ইকবাল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে কাব্যগন্থটির মোড়ক উন্মোচন হয়।
এতে উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জব্বার চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, এসই ভিপি এবং গুলশান সার্কেল-২ ব্রাঞ্চ প্রধান নেয়ামত উদ্দিন আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্র্যান্ড, মার্কেটিং এবং জনসংযোগ বিভাগের প্রধান তারেক উদ্দিন, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোয়াজ্জিম হোসাইন জুয়েল।
তারুণ্যদীপ্ত এই নবীণ কবির প্রথম কাব্যগ্রন্থ ‘দ্বিভা’ অমর একুশের গ্রন্থমেলা-২০২০ এ দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা ‘অন্য প্রকাশ’ (প্যাভিলিয়ন ১১) থেকে প্রকাশিত হচ্ছে।
বাংলা এবং ইংরেজি দুই ভাষায় রচিত এই কাব্যগ্রন্থে পাওয়া যায় জীবনধর্মী প্রেমের কবিতা, যেখানে সমাজের বিভিন্ন ভেদাভেদ ও অসামঞ্জস্যের চিত্র তুলে ধরা হয়েছে। আছে চিরায়ত মানব-মানবীর শাশ্বত ভালবাসা, আছে পিতার টান সন্তানের প্রতি। খুঁজে পাওয়া যায় মৌলিক জীবনের যৌগিক চাহিদার কথা।
কিছু কবিতায় ফুটে উঠেছে কবির চঞ্চল অস্থির মন, আবার অন্য কিছু কবিতায় সম্পূর্ণ বিপরীত- ধীর, প্রশান্ত মনোভাব; এ যেন জীবনের রংধুন যা সর্বস্তরে মানুষের জীবনের আবেগকে ছুঁয়ে দিতে চেয়েছে আলতো করে।
মো. জাকারিয়া রহমান ইমির জন্ম ঢাকায় হলেও পৈতৃক নিবাস ফেনী জেলায়। মনিপুর উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজের শিক্ষা শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক থেকে পোস্ট- গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে পেশাগত জীবনে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্র্যান্ড মার্কেটিং এবং জনসংযোগ বিভাগে মিডিয়া কমিউনিকেশন প্রধান হিসেবে কর্মরত আছেন। এক যুগেরও বেশী সময় জনসংযোগ পেশায় বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন।
প্রখ্যাত ডিজাইনার মোয়াজ্জিম হোসাইন জুয়েল তার পাকা হাতের মুন্সীয়ানায় সাজিয়েছেন ‘দ্বিভা’ বইটির অনন্য সুন্দর প্রচ্ছদ। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, কনফিডেন্স ইলেক্ট্রো- ম্যাক লিমিটেড; সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)।