ছাত্রদল যুবদলের কর্মসূচিতে পুলিশের বাধা, গ্রেপ্তার ২১

ময়মনসিংহের হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত চার ছাত্রদল কর্মীর কবর জিয়ারতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ফুলপুরে অভিযোগ পাওয়া গেছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের গাড়ি বহরে হামলা হয়েছে বলে। এতে আহত হয়েছেন আট নেতাকর্মী।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ত্রিশাল উপজেলা সদরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক।    

তারা জানান, গত শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাটের চার ছাত্রদল কর্মী সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। নিহতদের কবর জিয়ারত করার জন্য মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা হালুয়াঘাটে পৌঁছান। কিন্তু হালুয়াঘাটের প্রবেশপথেই ছাত্রদল নেতাদের গাড়ি আটকে দেয় পুলিশ। পুলিশি বাধায় সেখানে দুই ঘণ্টা অপেক্ষা করেও নেতারা কবর জিয়ারত না করেই ঢাকায় ফিরছিলেন। কিন্তু ফেরার পথে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের গাড়ি বহরে হামলা চালায়। তারা চারটি মাইক্রোবাস ভাঙচুর করে। এতে ছাত্রদলের আট নেতাকর্মী আহত হন।

আহতরা হলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মাজেদুল ইসলাম রুমন, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, সহসভাপতি তানজিম সাইফুল, সাধারণ সম্পাদক দাউদ রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ সিদ্দিকী ও এনামুল হক ফরাজী, দপ্তর সম্পাদক নাহিদুজ্জামান সাদ্দাম, উত্তর ছাত্রদলের কর্মী নুরুন্নবী আকন্দ। তাদের মধ্যে চারজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

অন্যদিকে, পুলিশের দু’দফা হামলা, বাধা ও লাঠিচার্জে পণ্ড হয়ে গেছে পটুয়াখালীর দশমিনা যুবদলের কর্মিসভা। লাঠিচার্জে আহত হয়েছেন কমপক্ষে দশ নেতাকর্মী। এসময় আটক করা হয় কেন্দ্রীয় যুবদল নেতা শামিম হোসেন, জেলা যুবদল নেতা সৈয়দ রুমী, স্থানীয় নেতা আক্কাসসহ ২১ জনকে।

অপরদিকে, পুলিশের দাবি, বিনা অনুমতিতে সভা করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় যুবদল নেতাকর্মীরা ধাক্কাধাক্কিতে লিপ্ত হয় এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছে বলেও দাবি পুলিশের। পুলিশ আরও দাবি করেছে পরিস্থিতি শান্ত রয়েছে।

স্থানীয় নেতারা জানান, দশমিনা উপজেলা যুবদলের কর্মিসভা মঙ্গলবার বেলা ১১টায় প্রথমে উপজেলা বিএনপি কার্যালয়ে ডাকা হয়। সেখানে পুলিশের বাধায় প- হয়ে যায় এ সভা। পরে ১২টায় একটি ঘরে সভা চলাকালে দ্বিতীয় দফায় বাধা দেয় পুলিশ।

পটুয়াখালীর পুলিশ সুপার মঈনুল হাসান জানান, দশমিনায় বিনা অনুমতিতে যুবদল সমাবেশ ডাকলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে চার পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ২১ জনকে আটকের সত্যতা স্বীকার করেছেন তিনি।