মিছিল খন্দকারের নতুন কাব্যগ্রন্থ ‘আকাশ চাপা পড়ে মরে যেতে পারি’

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ পেয়েছে মিছিল খন্দকারের নতুন কাব্যগ্রন্থ ‘আকাশ চাপা পড়ে মরে যেতে পারি’।

বইটি প্রকাশ করেছে বাতিঘরের সহযোগী প্রকাশনা সংস্থা ‘কবিতাভবন’। প্রচ্ছদ করেছেন শিল্পী রাজীব দত্ত। মূল্য ১৩৪ টাকা। মেলায় বাতিঘরের স্টল নং ৪৪৩, ৪৪৪, ৪৪৫-এ বইটি পাওয়া যাচ্ছে।

কাব্যগ্রন্থটি প্রসঙ্গে কবি মিছিল খন্দকার বলেন, ‘জীবনের ঘাত-প্রতিঘাত আমাকে যেখানে নিয়ে এসেছে বা যেদিকে নিয়ে যাচ্ছে- সেখানে তো নানা নৈরাজ্য ও নারকীয়তার দেখা পেয়েছি, পাচ্ছি- ফলে নানাবিধ জাগতিক-মহাজাগতিক চাপে ম্যাডনেসের চূড়ান্তও তো ঘটে যায় জীবনে- যার কিছুটা রিলিফও বলা যায় কবিতা। সেইসব কবিতা নিয়েই এই বই। আরেকটা বিষয় বলব- আমি জীবনকে আড্ডায় বা আপনজনের কাছেও অতটা প্রকাশ করিনি যতটা কবিতার রহস্য ও প্রপঞ্চের মধ্য দিয়ে উঠে এসেছে। ফলে জীবনের অজানা ও গূঢ় নানা বিষয় এমন ইঙ্গিতবহ হয়ে কবিতায় উঠে এসেছে যাকে আমার আত্মজীবনীও বলা যায়। এসব নিয়ে এই রহস্যগোলকে পাঠককে স্বাগত জানাই।’

মিছিলের জন্ম ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর, বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন তিনি।

এর আগে তার দুইটি কাব্যগ্রন্থ প্রকাশ হয়-মেঘ সামান্য হাসো (২০১৫), পুষ্প আপনার জন্য ফোটে (২০১৮)। পরেরটির পরিমার্জিত সংস্করণ প্রকাশ করেছে বৈভব এবার। মেলায় পাওয়া যাচ্ছে প্রকাশনীটির ৭১৮ নম্বর স্টলে।