মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাইভেটকার চালানো শিখতে গিয়ে এক নারীসহ তিনজন আহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যালয়ের দেয়ালে ধাক্কা লেগে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
আহতরা বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শমশেরনগরের সবুজবাগ এলাকার টুম্পা সরকার (৩৫) ও কুলাউড়া উপজেলার শেলী বেগম (৩৭) তাদের সন্তানদের শমশেরনগর বিএএফ শাহিন কলেজে দিয়ে প্রাইভেটকারের চালককে সঙ্গে নিয়ে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ড্রাইভিং শিখতে আসেন।
প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো খ-১১-৭৭২৫) খেলার মাঠ প্রদক্ষিণ করে একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যালয়ের দেয়ালে গিয়ে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে দুই নারীসহ প্রাইভেটকারের চালকও আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয়রা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসরিন জাহান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।