রবীন্দ্রসংগীত বিকৃত করায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতার ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলো। এর আগে তাকে অনুকরণ করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবে রবীন্দ্রসংগীতের কলির সঙ্গে অশ্লীল শব্দ ব্যবহার নিয়ে বিস্তর জলঘোলা হয়।

এনডিটিভি জানায়, রোদ্দুর রায়ের বিরুদ্ধে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ নামে একটি সংগঠন।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসব ঘিরে এই বছর বিতর্কের ঝড় ওঠে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওই বিশ্ববিদ্যালয়ে উপস্থিত কিছু তরুণ-তরুণীর ছবি ভাইরাল হয়। তাতে দেখা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথার সঙ্গে অশ্লীল শব্দ-সহ পিঠে লিখে বসন্ত উৎসবে  ঘুরে বেড়াচ্ছেন কয়েকজন তরুণী। ওই ছবি সর্বসমক্ষে আসার পর ঘটনার নিন্দায় প্রতিবাদের ঝড় ওঠে।

“এই ঘটনা মেনে নেওয়া যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের গান বিকৃত করতে এমন অশ্লীল শব্দ ব্যবহারের কোনো অধিকার নেই তার। প্রয়োজনে পশ্চিমবঙ্গের প্রায় সব থানায় আমরা ওর বিরুদ্ধে আরও অভিযোগ দায়ের করব”, ক্ষুব্ধ স্বরে বলেন শিক্ষক সংগঠনের এক সদস্য।

তিনি আরও বলেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে পুলিশ এই ব্যক্তির বিরুদ্ধে এর আগে কোনো আইনি পদক্ষেপ নেয়নি ... প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় এবার তাই আমরাই রোদ্দুর রায়ের বিরুদ্ধে পদক্ষেপ যাতে হয় তার জন্য অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিই।”

এ দিকে পুলিশ জানিয়েছে তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

এর আগে শুক্রবার বসন্ত উৎসবের কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিঁথি থানায় অভিযোগ দায়ের করে। এরপর বিষয়টির তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল গঠন করে কলকাতা পুলিশ।