একাশিতে মার্টিন স্করসেসি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম

আধুনিক সিনেমার সবচেয়ে প্রভাবশালী পরিচালকদের একজন মার্টিন স্করসেসি। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে সিনেমা বানাচ্ছেন তিনি। তার ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘দ্য ডিপার্টেড’, ‘গুডফেলাস’, ‘রেজিং বুল’, ‘গ্যাংস অব নিউ ইয়র্ক’, ‘দ্য অ্যাভিয়েটর’, ‘শাটার আইল্যান্ড’-এর মতো সিনেমাগুলোয় এখনো বুঁদ হয়ে আছে দর্শকরা। বলা যায়, যারা তার সিনেমা দেখেননি তাদের ঝুলি অনেকটাই অপূর্ণ।

১৯৪২ সালের ১৭ নভেম্বর নিউ ইয়র্কের কুইন্সে জন্মেছিলেন স্করসেসি। তার বাবা-মায়ের সঙ্গে রয়েছে ইতালির সংযোগ, যা তার সিনেমায় অনেক বারই প্রসঙ্গ হয়ে এসেছে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্কুল অব ফিল্মের শিক্ষার্থী স্করসেসি প্রথম জীবনে চিত্রশিল্পী হতে চেয়েছিলেন। কিন্তু সিনেমার প্রতি আবেগ ও প্রেম তাকে নিয়ে এসেছে পরিচালনায়। ক্যামেরা ওয়ার্ক, বড় ক্যানভাস তার সিনেমার অন্যতম বৈশিষ্ট্য। এ ছাড়া প্রায়শই তার সিনেমা গল্পের মাঝামাঝি বা শেষ থেকে শুরু হতে দেখা যায়।

একজীবনে অনেক স্মরণীয় সিনেমা বানিয়েছেন স্করসেসি, যার শুরুটা হয়েছিল ১৯৬৭ সালে ‘হু ইজ দ্যাট নকিং অ্যাট মাই ডোর’-এর মাধ্যমে। এরপর আর পেছনে ফিরে তাকাননি। তার সর্বশেষ সিনেমা ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ মুক্তি পেয়েছে গত অক্টোবরে।

ড্রামা, ক্রাইম, থ্রিলার, বায়োগ্রাফিসহ বিভিন্ন ঘরানার সিনেমা বানিয়েছেন স্করসেসি। এসব সিনেমায় তিনি রেখে গেছেন অসাধারণ নৈপুণ্য। কখনো চরিত্রের অন্তর্গত রক্তের ভেতর ঢুকে বিপন্ন বিস্ময় তুলে এনেছেন। তবে এর শুরুটা হয়েছিল ‘মিন স্ট্রিটস’ দিয়ে। ১৯৭৩ সালের ওই সিনেমার পর স্করসেসি যেন একেবারেই বদলে যান। যার ফলে তিনি এখনো দর্শকদের মুগ্ধ করতে পারেন। কেড়ে নিতে পারেন রাতের ঘুম।

সিনেমা ছাড়াও স্করসেসি শর্ট ফিল্মস বানিয়েছেন। কাজ করেছেন টিভির জন্য। যদিও প্রথম অস্কার পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘকাল। ২০০৬ সালের ‘দ্য ডিপার্টেড’-এর জন্য একমাত্র অস্কারটি পেয়েছিলেন তিনি। এ ছাড়া গোল্ডেন গ্লোব, এমি, বাফটা রয়েছে তার ঝুলিতে।

অপরদিকে মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরোর সঙ্গে তার কোলাবরেশন সিনেমার ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। নিরো অভিনীত স্করসেসির ‘ট্যাক্সি ড্রাইভার’ আধুনিক সিনেমার অন্যতম শিল্পকর্ম হিসেবে বিবেচনা করা হয়। ‘আর ইউ টকিং টু মি? ’ এই সিনেমার বিখ্যাত সংলাপ।

স্করসেসি জানিয়েছেন, নিরোর সঙ্গে তার সম্পর্ক এত গভীর যে তারা কথা না বলেও একে অপরকে বুঝতে পারেন। স্করসেসি প্রায় প্রতিটি চিত্রনাট্য নিরোকে দেখান। এমন অনেক চিত্রনাট্য নিরো পড়েছেন যেখানে তিনি অভিনয় করেননি। তাদের এই কোলাবরেশনে মুগ্ধ অভিনেতারাও। এদেরই একজন লিওনার্দো ডি ক্যাপ্রিও। স্করসেসির বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। স্করসেসির সিনেমায় অভিনয় করার অনুভূতি জানতে চাইলে এই অভিনেতা বলেছিলেন, তিনি তার স্বপ্নকে অতিক্রম করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত