কাপাসিয়ায় ৩টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দড়িমেরুন ও রাওনাট এলাকার ৩টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া ইটভাটাগুলোকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ মোবাইল কোর্ট পরিচালনা করে এসব ইটভাটা গুঁড়িয়ে দেন এবং জরিমানা আদায় করেন।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম সরকার জানান, কাপাসিয়া উপজেলার দড়িমেরুন ও রাওনাট এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসময় পরিবেশ দূষণ এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা করার দায়ে ৩টি ইটভাটা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ইটভাটাগুলো হচ্ছে-মেসার্স এসএমবি ব্রিকস, মেসার্স সিডিবি ব্রিকস এবং মেসার্স এএমকে ব্রিকস। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে ইটভাটাগুলোর আগুন নিভিয়ে দেয়। এসময় তিন ইটভাটার মালিকের কাছ থেকে মোট ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মুজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন। অভিযানে গাজীপুর জেলা পুলিশ, রা¨ব-১ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সহযোগিতা করেন।