“অ্যালিস নামের ছোট্ট মেয়েটি খরগোশের পিছে ছুটতে ছুটতে প্রবেশ সংরক্ষিত এক মাইনফিল্ডে ঢুকে পড়ে। খরগোশটা দৌড়ে এদিক-ওদিক দিয়ে কই যে লুকিয়ে পড়ল, অ্যালিস আর তার হদিশ পায় না। মাঠ জুড়ে অসংখ্য গর্ত, খানাখন্দ ছড়ানো। অ্যালিস মধ্যমাঠে দাঁড়িয়ে চারিদিকে দেখেছে আর খরগোশটার উপর অভিমানে কান্না চাপছে। কিন্তু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়া আটকাতে পারছে না্ অভিমানে বাড়ি ফিরে যাবে ছোট্ট মেয়েটা এখন। দুষ্টু খরগোশের সাথে আড়ি। ফেরার জন্য মাইনফিল্ডের আদিগন্ত তেপান্তরে পা বাড়ায় অ্যালিস।”
উদ্ধৃত অংশটুকু সাঈদ জুবেরীর ‘SOME TEXTS ARE MISSING অথবা কিছু মায়া রহিয়া গেল’র প্রথম টেক্সট ‘অ্যালিস ইন দ্য মাইনফিল্ড’ থেকে নেওয়া।
বইটি নিয়ে কবি ও সাংবাদিক তৌহিদুল ইসলাম বলেছেন, “… ভার্চুয়াল আকাশের তলায় এক দুনিয়াবি মাইনফিল্ড পাড়ি দেবার চমকপ্রদ কাহিনী বর্ণিত। কখনো কবিতায়, ফিকশনে অথবা নেহায়েৎ জার্নালের ভঙ্গিমায়। পার্বত্য চট্টগ্রাম থেকে কাশ্মীর, সিরিয়া থেকে ফিলিস্তিনের গাজা পর্যন্ত বিস্তৃত সদাবিস্ফোরণ্মুখ এই জমিন। এই অ্যাডভেঞ্চারের সময়কাল একবিংশ শতকের দ্বিতীয় দশক। আর বর্ণনার স্থল পোস্ট-শাহবাগ ঢাকা।”
বইয়ের ভূমিকায় জুবেরী জানান, প্রায় সব লেখা ২০১১ থেকে ২০১৭ সালের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে লেখা হয়েছে। এই প্রসঙ্গে আরও বলেন, “এই বইটিতে আমার ওই টাইম, চিন্তা, সেইসব যাপনের সত্য-মিথ্যার বিভ্রান্তি, আকাঙ্খা আর ওইসব বাস্তবতার ফারাকসহ সেই সময়ের জীবনী সাহিত্যের নামে লিখে গিয়েছি। আর তা থেকে একধরনের লেখা- যা কবিতা, গল্প, গদ্য… ইত্যাদির ভাব ও ভঙ্গি নিয়ে মায়া তৈরি করতে থাকে, মনে হয়।”
‘SOME TEXTS ARE MISSING অথবা কিছু মায়া রহিয়া গেল’ প্রকাশ করেছে নির্বাণ। প্রকাশক আবেদীন পুশকিন। প্রচ্ছদ করেছেন রনি আহমেদ। মূল্য ৬৫০ টাকা।
বইটি অনলাইন বুকশপ রকমারিতে অর্ডার করা যাচ্ছে। লিংক : SOME TEXTS ARE MISSING অথবা কিছু মায়া রহিয়া গেল
*ব্যবহৃত কোটেশনে লেখকের বানানরীতি অপরিবর্তিত