করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকির মধ্যে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সরকারি নির্দেশ উপেক্ষা করে বিয়ে বাড়িতে গণজমায়েত করায় জরিমানা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খারনৈ ইউনিয়নের খারনৈ গ্রামে।
মেয়ের বিয়েতে গণজমায়াতের জন্য মো. আবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকার সারাদেশে গণজমায়েত রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু সরকারের নির্দেশ অমান্য করে উপজেলার খারনৈ গ্রামের মো. আবুল হোসেন তার মেয়ের বিয়ের আয়োজন করেন। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করে।