বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় দুই ঘণ্টার ব্যবধানে এক দম্পতির মৃত্যু হয়েছে।
বুধবার সকালে মোরেলগঞ্জ পৌরসভার সেরেস্তারদার বাড়ি এলাকায় প্রায় দুই ঘণ্টার ব্যবধানে বৃদ্ধ এই দম্পতির মৃত্যু হয়। তারা হলেন- গীতারঞ্জন ভৌমিক (৭২) ও তার স্ত্রী শিপ্রা রানি ভৌমিক (৬৫)।
এই বৃদ্ধ দম্পতি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তাদের মৃত্যু স্বাভাবিক, এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এই দম্পতির ছেলে সুবল ভৌমিক দেশ রূপান্তরকে বলেন, আমার বাবা ও মা আলাদা আলাদা ঘরে ঘুমাতেন। বুধবার সকালে মার ঘরে গিয়ে মাকে ডাকাডাকি করতে থাকি। কোন সাড়াশব্দ না পেয়ে কাছে গিয়ে দেখি নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। পরে স্থানীয় ডাক্তার ডাকলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এর ঘণ্টা দুই পরে বাবার ঘরে গিয়ে দেখি বাবারও একই অবস্থা।
সুবল ভৌমিক আরও বলেন, আমার বাবা ও মা দুজনই গত দুই বছর ধরে উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন। ভারতের চিকিৎসকদের ব্যবস্থাপত্রে তাদের চিকিৎসা চলছিল। গত জানুয়ারিতেও তারা ভারত থেকে চিকিৎসা নিয়ে আসেন।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন দেশ রূপান্তরকে বলেন, বুধবার সকাল ছয়টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার সেরেস্তারদার বাড়ি এলাকার কাপড় ব্যবসায়ী গীতারঞ্জন ভৌমিকের স্ত্রী শিপ্রা রানি ভৌমিক মারা যান। এর ঘণ্টা দুই পরে আটটার দিকে গীতারঞ্জন ভৌমিকও মারা যান। বৃদ্ধ এই দম্পতি গত প্রায় দুই বছর ধরে উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন।