খেলা বন্ধ করতে গিয়ে ধাওয়া খেলেন এসআই, নিজের পিস্তলের গুলিতে হলেন আহত

করোনাভাইরাসের সংক্রমণ বন্ধে জনসমাগম রোধ করতে গিয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর ফাঁড়ির এক এএসআই নিজের পিস্তলের গুলিতে আহত হয়েছেন।

বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে কিছুদিন ধরে স্থানীয় কিছু যুবক বাজি ধরে ক্রিকেট খেলে আসছেন। এ খেলা নিয়ে বেশ জনসমাগম হয়ে থাকে। স্থানীয়দের কাছ থেকে এ খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই মো. শাহীন মিয়া কয়েকজন পুলিশ সদস্য ও ইউনিয়ন পরিষদের চৌকিদারকে নিয়ে সেখানে যান। তিনি করোনাভাইরাস সংক্রমণ রোধে খেলা বন্ধের অনুরোধ করেন।

এ সময় খেলায় অংশগ্রহণকারী নাঈমসহ কয়েকজন যুবকের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা পুলিশকে ধাওয়া করলে এএসআই শাহীন মিয়া আত্মরক্ষার কোমর থেকে পিস্তল বের করার সময় অসাবধানতাবশত পিস্তলের গুলি বের হয়ে যায়। এতে তার বাম পা গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চৌমুহনী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদার রফিকুল ইসলাম বলেন, নাঈমের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে এএসআই শাহীন হ্যান্ডকাপ বের করে তাকে আটকের চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের অনুরোধে তিনি ছাড়া পান। এরপর কতিপয় যুবক পুলিশকে ধাওয়া করলে এএসআই শাহীন পিস্তল বের করার সময় হঠাৎ গুলি বের হয়ে যায়।

মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলে ফেরার পথে এসআই শাহীন মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে বা পায়ের হাঁটুর ওপরে সামান্য আহত হন। দুর্ঘটনার সময় কোমরে থাকা পিস্তল থেকে এক রাউন্ড গুলি বের হলেও তিনি গুলিতে আহত হননি। গুলির খোসা বাইরে পাওয়া গেছে। 

হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অসাবধানতাবশত পিস্তলের গুলি এএসআইয়ের পায়ে গুলিবিদ্ধ হয়েছে। এএসআই শাহীন মিয়া আশঙ্কামুক্ত রয়েছেন। তাকে হবিগঞ্জ হাসপাতালে আনা হচ্ছে।