বাংলাদেশের যাত্রাশিল্পের নন্দিত ব্যক্তিত্ব ভিক্টর দানিয়েল আর নেই। রাজধানীর আগারগাঁওয়ের নিওরো সায়েন্স হাসপাতালে শুক্রবার দুপুর ১২টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ভিক্টরের মৃত্যুতে উদীচীর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন যৌথ বার্তায় গভীর শোক প্রকাশ করেন।
তারা বলেন, ভিক্টর দানিয়েলের চলে যাওয়া যাত্রাশিল্পের অনেক বড় ক্ষতি হয়ে গেল। যাত্রাশিল্পের এই ক্রান্তিকালে তার মতো মানুষের প্রয়োজন পূরণ হওয়ার নয়।
ভিক্টর দানিয়েল যাত্রাশিল্পী ও নির্দেশক হিসেবে সারা জীবন কাজ করে গেছেন। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ সারাদেশে বিভিন্ন অপেরাতে প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী প্রযোজিত যাত্রাপালা ‘বিয়াল্লিশের বিপ্লব’-এর নির্দেশনা দেন।