সীতাকুন্ডে আরও একজন করোনা আক্রান্ত শনাক্ত

চট্টগ্রামের সীতাকুন্ডে ৪৫ বছর বয়সী আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় দুইজন করোনা রোগী শনাক্ত হল।

খবর পেয়ে রবিবার রাত ১১টার দিকে ্ওই ব্যক্তির বাড়ি ও আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয় বলে নিশ্চিত করেছেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়।

এছাড়া তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানান তিনি।

আক্রান্ত ব্যক্তি ফৌজদারহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। পেশায় তিনি একজন স্ক্র্যাপ লোহা ব্যবসায়ী। প্রশাসন তার বাড়ি ও আশপাশে আরও কয়েকটি বাড়ি লকডাউন করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ্ওই ব্যক্তি চট্টগ্রামের সাগরিকা এলাকায় স্ক্র্যাপ লোহার ব্যবসা করতেন। সেই সূত্রে তিনি সাগরিকা এলাকার একটি ভাড়া বাসায় বাস করতেন। কয়েকদিন আগে তার পাশের বাসার এক নারী করোনাভাইরাস আক্রান্ত হলে পুলিশ তার বাসাও লকডাউন করে।

কিন্তু তিনি শনিবার স্ত্রীকে নিয়ে গোপনে ফৌজদারহাটে নিজ বাড়িতে চলে আসেন। 

স্থানীয় ইউপি মেম্বার মোস্তাকিম আরজু জানান, লকডাউনে থাকা অবস্থায় উক্ত ব্যক্তি সীতাকুন্ডে চলে আসার খবর পেয়ে আমরা স্ত্রীসহ তার করোনা পরীক্ষার জন্য রবিবার বিআইটিআইডিতে পাঠাই। সেখানে স্বামী-স্ত্রী দুজনেরই নমুনা সংগ্রহ করলেও স্ত্রীর পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তবে স্বামীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

এর আগে গত বুধবার পৌর সদরের গোডাউন রোড এলাকায় নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়লে ওই এলাকা লকডাউন করা হয়।