আগাম বন্যার পূর্বাভাস

সুনামগঞ্জে হাওরের ধান দ্রুত কাটার নির্দেশ

সুনামগঞ্জে চলতি মাসের ভারী বৃষ্টিপাতে হাওরাঞ্চলে আগাম বন্যার আশঙ্কায় হাওরের বোরো ফসল অতি দ্রুত কাটার জন্য কৃষকদের অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।

গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সূত্র উল্লেখ করে জানান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সময়ে মেঘালয় ও বারাক অববাহিকায় ১৫০-২৫০ মিমি এবং ত্রিপুরা অববাহিকায় ১০০-১২০ মিমি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের অভ্যন্তরেও উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে সুনামগঞ্জ ও সিলেট জেলার হাওর অঞ্চলের প্রধান নদীসমূহের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

কোনো কোনো স্থানে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এজন্য সুনামগঞ্জ জেলার হাওরের বোরা ফসল অতি দ্রুত কাটার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৃষকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডুবন্ত বাঁধের কাজ বাস্তবায়নের সঙ্গে মাঠপর্যায়ে সংশ্লিষ্ট পিআইসিসহ সবাইকে নিজ অধিক্ষেত্রে অবস্থানপূর্বক বাঁধের নিবিড় মনিটরিং জোরদার করতে বলা হয়েছে। বিশেষ করে যেসব ঝুঁকিপূর্ণ ক্লোজার পয়েন্ট রয়েছে সেসব স্থানে সংশ্লিষ্ট পিআইসিদের উপস্থিতি ও সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিত করতে হবে। বাঁধের কোনো ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিলে বা ভেঙে গেলে তাৎক্ষণিক মেরামত করতে হবে। প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বা পাউবো নির্বাহী প্রকৌশলীদের জানাতে বলা হয়েছে।