মোংলায় ১৬ বস্তা সরকারি চাল উদ্ধার

মোংলায় ১৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কেউ আটক হয়নি। সোমবার গভীর রাতে পৌর শহরের মাদ্রাসা রোড সংলগ্ন বাগেরহাট জেটি থেকে চালগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মোংলা থানার ্ওসি মো. ইকবাল বাহার চৌধুরী।

তিনি বলেন, চাল ফেলে রেখে পালিয়ে যাওয়ায় এর সঙ্গে সংশ্লিষ্ট চোরাকারবারিদের আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া খাদ্য অধিদপ্তরের প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় আপাতত মামলা নয়, জিডি করা হবে। কে বা কারা এর সাথে জড়িত তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সরকারি চাল উদ্ধারের ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান বলেন, ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্রমূলক কেউ এটা করেছে কিনা! কারণ খাদ্য অধিদপ্তরের বস্তা ঠিকই আছে, কিন্তু বস্তার মুখের সেলাই ঢিলেঢালা। তাই বিষয়টি এই মুহূর্তে নিশ্চিত হওয়া যাচ্ছে না, কিভাবে চালের বস্তা এখানে এলো এবং কারাই আনলো। যেহেতু কেউকে তো আটক বা গ্রেপ্তার করা যায়নি।

মোংলা সরকারি খাদ্য গুদাম ইনচার্জ (ওসিএলএসডি) মো. মমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।