চট্টগ্রামে নগরীতে ত্রাণের জন্য কর্মহীন ও নিম্ন আয়ের কয়েকশ মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে পুলিশ গিয়ে ত্রাণ পৌঁছে দেয়ার আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যায় যান।
বুধবার বিকেল ৫টার দিকে নগরীর হালিশহর থানার বড়পোল এলাকায় ইসলামিয়া ব্রিক ফিল্ড ও বাদশা মিয়া ব্রিক ফিল্ড সংলগ্ন দুটি কলোনির বাসিন্দারা সড়ক অবরোধ করেন।
এ বিষয়ে হালিশহর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ত্রাণের জন্য ছোটপুল এলাকার কয়েকটি বস্তির ২০০-২৫০ মানুষ সড়ক অবরোধ করে প্রায় ঘণ্টা খানেক বিক্ষোভ করে।
তিনি জানান, ওই বস্তির প্রায় সবাই দিনমজুর। তারা সরকার নির্দেশিত ছুটির পর থেকে কোন ত্রাণ সহযোগিতা পায়নি বলে অভিযোগ করেন। আমরা তাদের বলেছি বস্তির বাসিন্দাদের তালিকা করে আমাদের দিতে।
তিনি আরও বলেন, আমরা ত্রাণ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ওই তালিকা পাঠিয়ে তারা যেন যথাযথভাবে ত্রাণ সহায়তা পান সে ব্যবস্থা করা হবে জানালে তারা অবরোধ তুলে নেন।