বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার সকালে রোয়াংছড়ির নোয়াপতং ইউনিয়নের কানাইজো পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মংসাইনু মারমা (৩০)। তিনি থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের বাচিঅং পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
কানাইজোপাড়ার স্থানীয়দের বরাত দিয়ে রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান জানান, ‘শুক্রবার সকালে ভাড়ায়চালিত মোটরসাইকেলে চড়ে মংসাইনু কানাইজোপাড়া বাজারে যান। এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে ফোনে কারো সাথে কথা কাটাকাটি হচ্ছিল তার। এ সময় জলপাই রঙের পোশাক পরা চার জন এসে মংসাইনুকে ধরে নিয়ে যেতে চাইলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে পেছন থেকে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।’
রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ তৌহিদ কবির বলেন, ‘সকালে রাস্তার ওপরে কে বা কারা তাকে গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলেই মারা গেছে সে। তার লাশ উদ্ধার করা হয়েছে। আমরা অনুসন্ধান চালিয়ে দোষীদের ধরার চেষ্টা করছি।’