নাচোলে ধান খেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আন্ধারাইল গ্রামের একটি ধান খেত থেকে আবুল কাশেম নামের এক কীটনাশক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আবুল কাশেম আন্ধারাইল গ্রামের ফাইজুদ্দীনের ছেলে।

বুধবার সকালে স্থানীয়রা তার বাড়ি পাশের একটি ধান খেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আবুল কাশেম আর বাড়ি ফেরেননি।

ওসি জানান, লাশের গায়ে বড় ধরনের আঘাতের চিহ্ন ছিল না। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।