হোটেলের ভেতর ড্রামের মধ্যে পান দোকানির লাশ

চট্টগ্রামের পটিয়ায় একটি খাবারের হোটেলের ভেতর ড্রামের মধ্যে লুকিয়ে রাখা আব্দুল কাদের (২৬) নামে এক পান দোকানির লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল এলাকার আজিজিয়া হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত পান দোকানি ওই হোটেলের ভেতরেই থাকতেন।

নিহত আব্দুল কাদের উপজেলার জিরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর দেয়াং এলাকার আবদুল গনী সওদাগরের বাড়ির মৃত আবদুল মোনাফের ছেলে।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। গলায় রশি প্যাঁচানো অবস্থায় ড্রামের ভেতর উপুড় করে রাখা ছিল লাশটি। তার মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল। ধারণা করছি তাকে খুন করে ড্রামে রেখে দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, হোটেলের পাশে কাদেরের একটি পানের দোকান আছে। কিন্তু করোনার কারণে হোটেলটি বন্ধ ছিল। রাতে হোটেলের ভেতর কয়েকজন কর্মচারী ও আবদুল কাদের থাকতেন। পুলিশ রহস্য উদ্‌ঘাটনে চেষ্টা করছে। 

তিনি জানান, সন্দেহভাজন হিসেবে হোটেলের এক কর্মচারীকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।