সাংবাদিকতায় সবচেয়ে সম্মানজনক পুরস্কার পুলিৎজার জিতেছেন যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপির তিন সাংবাদিক। গত বছরের আগস্টে ভারত শাসিত কাশ্মীরের অবরুদ্ধ পরিস্থিতি কাভারেজ করেন তারা।
এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, ইন্টারনেট আর মোবাইল বন্ধের মতো পরিস্থিতিতে কাশ্মীরের ফটো সাংবাদিক দার ইয়াসিন, মুখতার খান ও চেন্নাই আনন্দ অঞ্চলটিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। তারা পুরস্কার জিতেছেন ফিচার ফটোগ্রাফি শাখায়।
করোনায় কয়েক সপ্তাহ স্থগিত থাকার পর পুলিৎজারের প্রশাসক ডানা ক্যানডির বৈঠকখানা থেকে সোমবার ইউটিউবে সরাসরি এই পুরস্কারের ঘোষণা আসে।
এক বিবৃতিতে পুলিৎজার কর্তৃপক্ষ জানায়, অস্থির কাশ্মীরি জীবনের আকর্ষণীয় ছবি তোলার কারণে এপি’র তিন সাংবাদিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
কখনো পথচারীদের আড়ালে লুকিয়ে, কখনো রোডব্লক এড়িয়ে, আবার কখনো সবজির ব্যাগে ক্যামেরা নিয়ে এই তিন সাংবাদিক বিক্ষোভ, পুলিশ আর আধাসামরিক বাহিনীর অভিযান আর প্রাত্যহিক জীবনের ছবি তুলেছেন। ছবি তোলা শেষে তারা স্থানীয় বিমানবন্দরে গিয়ে যাত্রীদের হাতে ফাইল দিয়ে দিল্লিতে এপি’র কার্যালয়ে ছবি পৌঁছে দিয়েছেন।
এপি’র প্রেসিডেন্ট ও সিইও গ্যারি প্রুইট বলেছেন, ওই তিন সাংবাদিকের কাজ খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার।
গত বছরের আগস্টে জম্মু ও কাশ্মীরকে সংবিধানে দেওয়া বিশেষ মর্যাদা তুলে নেয় নরেন্দ্র মোদি সরকার। সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় এর পর থেকে অঞ্চলটি বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
প্রতিবছর ২১টি বিভাগে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ফিকশনে দ্বিতীয়বারের মতো জিতেছেন কলসন হোয়াইটহেড। আর সাংবাদিকতায় সর্বোচ্চ তিনটি বিভাগে জিতেছে নিউইয়র্ক টাইমস।