দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ

খাদ্য সহায়তা পেল রাঙ্গাবালীর ৪ চরের হাজার পরিবার

খাদ্য সহায়তা পেয়েছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চারটি চরের প্রায় এক হাজার পরিবার। সাগর ও নদীবেষ্টিত দুর্গম এসব চরের মানুষের হাতে প্রধানমন্ত্রীর এ খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান। গত সোম ও মঙ্গলবার দিনভর ট্রলারযোগে ঘুরে ঘুরে তিনি এসব খাদ্য সহায়তা তুলে দিয়েছেন মানুষের হাতে।

রাঙ্গাবালীর চর কাশেম, চর নজীর, চর আন্ডা ও চর কলাগাছিয়ায় উত্তাল সাগর ও নদী পেরিয়ে  পৌঁছানোর একমাত্র মাধ্যম নৌযান। ২৬ এপ্রিল থেকে চলমান লকডাউনের ফলে এসব দ্বীপ-চরের জেলে ও দিনমজুর শ্রেণির প্রায় এক হাজার পরিবার কর্মহীন হয়ে পড়ে। তারা খাদ্য সংকটে পড়ে।

তাদের কষ্টের কথা তুলে ধরে গত ২১ এপ্রিল দেশ রূপান্তরে প্রতিবেদন প্রকাশের পর তৎপর হয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আপৎকালীন সময় অতিবাহিত না হওয়া পর্যন্ত এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।