এবার হাসপাতালে চিত্রকর্ম রেখে হাওয়া বাঙ্কসি

করোনা প্রাদুর্ভাবেও বেরিয়ে আসলেন আলোচিত গেরিলা চিত্রশিল্পী বাঙ্কসি। বরাবরের মতো সবার অলক্ষ্যে এঁকে গেলেন তার চিত্রকর্ম। এবার একটি হাসপাতালে চিত্রকর্মের মাধ্যমে নিজেকে প্রকাশ করেন তিনি।

বিবিসি জানায়, দক্ষিণ ইংল্যান্ডের সাউথাম্পটন জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কাছেই একটি দেয়ালে চিত্রকর্ম রেখে যান বাঙ্কসি। চিত্রকর্মে যুক্তরাজ্যের স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখিয়েছেন তিনি।

চিত্রকর্মটিতে দেখা যায় একটি শিশুর নার্সের একটি পুতুল নিয়ে খেলছে। তার হাতে নার্সটি উড়ছে যেন। আর পাশে একটি ঝুড়িতে ফেলে রাখা হয়েছে ব্যাডমেন ও স্পাইডারম্যানের মতো সুপারহিরোদের। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরাই বাস্তবের হিরো এমনটা প্রকাশ করেন যুক্তরাজ্যের এই গেরিলা শিল্পী।

দেয়ালে এক বর্গমিটারের এই চিত্রকর্ম নিয়ে বেশ সাড়া পড়ে যায় হাসপাতালে। স্বাস্থ্যকর্মীরা ছবিটির সামনে জড়ো হয়ে বাঙ্কসির প্রতি ভালোবাসা জানান। 

প্রসঙ্গত, সমকালীন বিশ্বের রাজনৈতিক সমালোচনামূলক ছবি ও গ্রাফিথি এঁকে দুনিয়াজুড়েই তুমুল আলোচিত বাঙ্কসি। কিন্তু এখন পর্যন্ত কেউ তাকে দেখেনি, গেরিলার মতো হাজির হয়ে বিভিন্ন জায়গায় চিত্রকর্ম এঁকে উধাও হয়ে যান তিনি।  ছবি ও ভাস্কর্য এঁকে এখন পর্যন্ত ফিলিস্তিনসহ বিভিন্ন দেশের বিপ্লবী, সংগ্রামী জনতার সঙ্গে সংহতি জানিয়েছেন এ শিল্পী।

তুমুল ব্যঙ্গ ও সমালোচনার জন্য ক্ষমতাসীনদের চোখের কাঁটা বাঙ্কসির শিল্পকর্ম। কিন্তু সাধারণ মানুষের জন্য তার সহানুভূতির শেষ নেই। আত্মগোপনে থেকে ধ্যানীর মতোই একের পর এক কাজ করে চলেছেন এ শিল্পী। গত বছর বাঙ্কসির একটি ছবি নিলামে একশ কোটি টাকারও (৯.৯ মিলিয়ন পাউন্ড) বেশি দামে বিক্রি হয়েছে।