বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ২৫ বৈশাখ। সেই উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কবিগুরুকে স্মরণ করা হচ্ছে আজ।
ইসরায়েলের একটি সড়কর নামকরণ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে। সেই সড়কে তোলা একটি ছবি শেয়ার করা হয়েছে ‘ইসরায়েল ইন ইন্ডিয়া’ টুইটার পেজে।
সেখানে দেখা যায় রাস্তাটির নাম ‘Rehov Tagore’। ছবির ক্যাপশনে লেখা হয়, আমরা আজ এবং প্রতিটি দিনই রবীন্দ্রনাথ ঠাকুরকে সন্মান জানাই। মানবজাতির জন্য মূল্যবান অবদান স্মরণ করে তেল আবিবে একটি সড়কের নামকরণ হয়েছে তার নামে।
দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবীন্দ্রনাথকে মানবতাবাদী অসাম্প্রদায়িক চেতনার কবি উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, “পূর্ববঙ্গে তার শিল্পীসত্তা ও মানবসত্তা ঐক্য ও সম্প্রীতির আভায় সমুজ্জ্বল। ফলে সাধারণ বাঙালির দুঃখ-বেদনার কথক হিসেবে যে রবীন্দ্রনাথকে আমরা পেয়েছি তা পূর্ববঙ্গেরই সৃষ্টি। এসবের পাশাপাশি মানুষের প্রত্যক্ষ কল্যাণ কামনায় রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার বিভিন্ন পর্যায় নিয়ে ভেবেছেন।”
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে এক বাণীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বসাহিত্যের এক উজ্জ্বলতম নক্ষত্র। বাংলা ও বাঙালির অহংকার। প্রতিভা ও শ্রমের যুগলবন্দীর সম্মিলনে রবীন্দ্রনাথ ঠাকুর অসাধারণ সব সাহিত্যকর্ম দিয়ে বাংলা সাহিত্যকে করেছেন ঐশ্বর্যমণ্ডিত।
কবিগুরু ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। জন্মদিনে টুইটারে নোবেল পুরস্কার কমিটি লেখে, “আমরা গ্রেট রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করছি। ১৮৬১ সালে আজকের দিনে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন প্রথম অ-ইউরোপীয় যিনি সাহিত্যে নোবেল জিতেছিলেন।”
এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সম্পর্কিত কিছু তথ্য ও দুষ্প্রাপ্য ছবিও তুলে ধরে নোবেল কমিটি।
আরও শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ও ভারতের একাধিক সাহিত্যিক, রাজনীতিবিদ ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।