নীলফামারী-খুলনা পথে পণ্যবাহী ট্রেনের যাত্রা শুরু

পণ্য পরিবহন ব্যবস্থা আরও গতিশীল করতে নীলফামারী-খুলনা রেলপথে যাত্রা শুরু করেছে ‘চিলাহাটি পার্সেল স্পেশাল খুলনা’ ট্রেন। গতকাল শুক্রবার সকাল ৯টায় নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে এটি যাত্রা শুরু করে। সপ্তাহে পাঁচ দিন এটি চলবে। খুলনা থেকে শনিবার ও চিলাহাটি থেকে রবিবার এটি চলাচল বন্ধ থাকবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানায়, গত বৃহস্পতিবার ওই ট্রেনটি সকাল ৯টায় খুলনা স্টেশন থেকে ছেড়ে নীলফামারীর চিলাহাটি স্টেশনে পৌঁছে রাত ৮টা ৪০ মিনিটে। এরপর গতকাল সকাল ৯টায় সেটি চিলাহাটি থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়। এ পথে ট্রেনটির যাত্রাবিরতি রয়েছে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাট, জামালগঞ্জ, আক্কেলপুর, তিলকপুর, সান্তাহার, আহসানগঞ্জ, নলডাঙ্গা, নাটোর, আবদুলপুর, ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা, আনসারবাড়িয়া, সাফদারপুর, কোটচাঁদপুর, যশোর, নওয়াপাড়া, দৌলতপুর ও খুলনা স্টেশনে। এছাড়াও ওই পথের বিরতি না থাকা স্টেশনে পরিবহনের মালামাল থাকলে ওই স্টেশন মাস্টার আগাম জানালে সেখান থেকে পণ্য তুলে নেওয়া হবে। যাত্রা শেষে ট্রেনটি খুলনায় পৌঁছবে রাত সাড়ে ৮টায়।

নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি মারুফ জামান কোয়েল বলেন, ট্রেনটি চালু হওয়ায় জেলার কৃষক ও ব্যবসায়ীরা অনেক উপকৃত হবেন। তবে এ ট্রেনটি প্রতিদিন উভয় দিক থেকে চালু রাখলে ব্যবসায়ীরা বেশি উপকৃত হতো।

রেলওয়ের (পশ্চিমাঞ্চল) সহকারী চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট আবদুল আওয়াল জানান, খাদ্যসহ জরুরি পণ্য বিভিন্ন স্থানে পৌঁছে দিতে রেলের এ ট্রেনটি চালু করা হয়েছে। ট্রেনটিতে রয়েছে পাঁচটি লাগেজ ও একটি ব্রেকভ্যান। চাহিদা থাকলে আরও লাগেজ ভ্যান যুক্ত করা হবে।