তিউনিসিয় ঔপন্যাসিক ও প্রবন্ধকার আলবার্ট মিমি আর নেই। শুক্রবার রাতে প্যারিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, বয়স হয়েছিল ৯৯ বছর।
মিমির মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ করেছেন। ইতিহাসবিদ ইউসেফ বেন ইসমাঈলের মতে, মিমি ছিলেন জাঁ পল সার্ত্রে ও আলবেয়ার ক্যামু প্রজন্মের শেষ চিন্তক।
১৯২০ সালের ডিসেম্বরে তিউনিসিয়ার ইহুদি কোয়ার্টারে মিমির জন্ম। ১৯৩৯ সালে ফ্রেঞ্চ লাইস থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি ইউনিভার্সিটি অব আলজিয়ার্সে ভর্তি হয়েছিলেন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এতে ছেদ পড়ে। ফ্রান্সের ভিকি সরকারের অ্যান্টি সেমিটিক আইনের কারণে তিনি পূর্ব তিউনিসিয়ায় লেবার ক্যাম্পে যেতে বাধ্য হন এই সময়। যুদ্ধের পর প্যারিসে লেখাপড়া চালিয়ে যান।
তার প্রথম উপন্যাস ছিল আধা-আত্মজৈবনিক ধাঁচের ‘লা স্টাচু ডে সেল’, প্রকাশিত হয় ১৯৫৩ সালে। যার ইংরেজি টাইটেল ‘দ্য পিলার অব সল্ট’। উপন্যাসটি বেশ কয়েকটি নামি পুরস্কার জেতে।
আলবেয়ার ক্যামুর ভূমিকা সম্বলিত এই বইয়ের প্রেক্ষাপট— তিউনিসিয়ার ক্ষুদ্র ইহুদি সম্প্রদায় ও স্থানীয় ছোট বুর্জোয়া শ্রেণীর ব্যর্থতা, পাশাপাশি উপনিবেশ স্থাপনকারী এবং তার মুসলিম সহকর্মীদের সমালোচনা।
মিমির অন্যান্য উপন্যাসের মধ্যে আছে আগার, লে স্করপিয়ন ও লে ডেজার্ট। সমাজতত্ত্ববিদ হিসেবেও তার সুখ্যাতি ছিল। তার তিনটি আলোচিত বইয়ের ইংরেজি টাইটেল হলো দ্য কলোনাইজার অ্যান্ড দ্য কলোনাইজড, ডিকলোনাইজেশন অ্যান্ড দ্য ডিকলোনাইজড ও রেসিজম।
তিনি তিউনিসিয়ার কমান্ডার অব অর্ডার ডে নিচান ইফতিখার ও শ্যাভালিয়র ডে লা লিজিয়ন ডি’অনারসহ অসংখ্য স্বীকৃতি লাভ করেন।