ব্যবস্থাপক করোনায় আক্রান্ত, কৃষি ব্যাংকের কার্যক্রম বন্ধ

পটুয়াখালীতে নতুন করে আরও দুই জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রবিবার রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি সোমবার সকালে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন।

আক্রান্ত দুইজনের মধ্যে একজনের বাড়ি দশমিনায় ও অপরজনের বাড়ি গলাচিপা। তারা দুজনই বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে রবিবার সকালে কৃষি ব্যাংক গলাচিপা শাখার ব্যবস্থাপক গোলাম মোস্তাফার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

তিনি বর্তমানে পটুয়াখালীর নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে ওই শাখার কার্যক্রম বন্ধ রয়েছে।

ব্যাংকের ১০ জন কর্মকর্তা ও কর্মচারীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং তাদের নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম।

জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের। চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৩১ জন। সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৫ জন।