ফেনীতে করোনাভাইরাসে ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ফেনী জেনারেল হাসপাতাল ও নিজ বাসায় তাদের মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র ও স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে সুনিল সাহা (৬০) নামের এক ব্যবসায়ী ক্যানসারে আক্রান্ত হয়ে শহরের সমবায় সুপার মার্কেট সংলগ্ন বাসায় থাকতেন। গত শুক্রবার তার অবস্থার অবনতি হলে তাকে প্রথমে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে পরদিন অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। ওই দিন তার নমুনা সংগ্রহ করে চিকিৎসকদের পরামর্শে তাকে ফেনীতে নিয়ে আসেন স্বজনরা। একই দিন রাতে তার করোনা পজিটিভ বলে হাসপাতাল থেকে জানানো হয়। পরে বুধবার রাতে বাসায় তার মৃত্যু হয়।
ওই ব্যবসায়ীর বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার উসুলতলা গ্রামে। তিনি ২০০৪ সাল থেকে স্ত্রী-সন্তান নিয়ে ফেনীতে বসবাস করে আসছেন।
সুনীল সাহর ছেলে অনিল সাহা বলেন, ফেনী পৌর মহাশ্মশানে বৃহস্পতিবার তাকে দাহ করা হবে। করোনা পরীক্ষার জন্য স্বজনদের নমুনা দেয়া হবে বলেও জানান তিনি।
একইদিন রাতে ফেনী জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধার (৭৮) মৃত্যু হয়েছে। তিনি মঙ্গলবার রাতে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। পরে বুধবার তার মৃত্যু হয়। ওই ব্যক্তির বাড়ি ফেনী সদর উপজেলার রুহিতিয়া গ্রামে।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, জ্বর-শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে।