নরসিংদীতে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮৪। গতকাল শুক্রবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার করোনাভাইরাসে সংক্রমিত সন্দেহে ১৯৬ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার রাতে সেসব নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৪৩ জনের মধ্যে ২৯ জন নরসিংদী সদর উপজেলার। এ ছাড়া রায়পুরা উপজেলার ৪, পলাশ উপজেলার ৬, বেলাব উপজেলার ৩ ও শিবপুর উপজেলার ১ জন। এ ছাড়া গত ২৯ মে রায়পুরা উপজেলার মুছাপুরে আফিফা বেগম (৫৮) নামে এক নারী করোনা উপসর্গ নিয়ে মারা যান। তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
সিভিল সার্জন বলেন, করোনায় নতুন করে যারা আক্রান্ত হচ্ছেন, তাদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করা হচ্ছে। তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতেও বাধ্য করা হচ্ছে।