করোনায় স্কয়ার হাসপাতালের চিকিৎসকের মৃত্যু

রাজধানীর স্কয়ার হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিস) ও সিনিয়র কনসালট্যান্ট মির্জা নাজিম উদ্দিন কভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল রবিবার বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। বিএমএর মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী বলেন, প্রায় সপ্তাহ দুই আগে থেকে অসুস্থ ছিলেন মির্জা নাজিম উদ্দিন।

তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায় আজ মারা গেলেন।

ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী মির্জা নাজিম বিএমএর আজীবন সদস্য ছিলেন। তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর। তার স্ত্রী খালেদা ইয়াসমিন মির্জাও চিকিৎসক। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মির্জা নাজিমের মৃত্যুতে শোক জানিয়েছে বিএমএ।

৪ জুন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস-এফডিএসআর সারা দেশে কভিড-১৯-এ আক্রান্ত হয়ে ১৮ জন চিকিৎসকের মারা যাওয়ার তথ্য জানিয়েছিল। এরপর আরও দুজনের মৃত্যু হয়। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে পাঁচজন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।