নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা!

নেত্রকোনা সদর উপজেলায় বসতঘর থেকে স্বামীর ঝুলন্ত এবং বিছানার ওপর গলায় গামছা প্যাঁচানো স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে উপজেলার চল্লিশা ইউনিয়নের দরিজাগি গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন গ্রামের মৃত আবদুর রাশিদ খানের ছেলে উজ্জ্বল মিয়া (৪০) ও তার স্ত্রী সুরাইয়া আক্তার (৩২)।

 প্রাথমিকভাবে পুলিশের ধারণা, স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর উজ্জ্বল মিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। উজ্জ্বল কৃষিকাজ করেন। এই দম্পতির কোনো সন্তান নেই।

পুলিশ ও স্থানীয়রা জানান, অনেক বেলা হলেও দরজা না খোলায় উজ্জ্বলের মা ডাকাডাকি করেন। দীর্ঘক্ষণ ডেকেও সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকে আড়ার (ধরনা) সঙ্গে উজ্জ্বলকে ঝুলন্ত এবং বিছানায় সুরাইয়ার নিথর দেহ পান। পরে খবর পেয়ে পুলিশ এসে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশগুলো নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন দেশ রূপান্তরকে জানান, সুরাইয়ার গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর উজ্জ্বল গলায় ফাঁস নিয়েছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।