করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ১

করোনা  বিষয়ক গুজব ছড়ানোসহ রাষ্ট্র বিরোধী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নামে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের দায়ে কেরানীগঞ্জে মো. আব্দুল মান্নান রানা (৩৫) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার রাত ৯ টায় কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের তাওয়াপট্টি এলাকায় মনিরুজ্জামান মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব ১০ সিপিসি ২ (কেরানীগঞ্জ) ডিএডি বদিউল আলম জানান, সাইবার নজরদারি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃত্বে এবং এএসপি মো. শাহীনুর চৌধুরী ও এএসপি মো. আবুল কালাম আজাদ এর সমন্বয়ে একটি আভিযানিক দল  ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার জিনজিরা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সমাজ, রাষ্ট্র ও সরকার বিরোধী অপপ্রচারকারী ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেন।

এ সময় তার নিকট থেকে ০১ টি সিপিইউ, ০১ টি মনিটর, ০১ টি ল্যাপটপ, ০১ টি পেন ড্রাইভ, ০২ টি সিডি, ০১ টি ট্যাব, ০২ টি মোবাইল ফোন এবং ০৫ টি সীমকার্ড জব্দ করা হয়।  আব্দুল মান্নান  রানা (৩৫) বাবার নাম মো. সিরাজুল ইসলাম, গ্রামের বাড়ি ভোলা। তিনি বর্তমানে জিনজিরা তাওয়াপট্টি মনিরুজ্জামান মিয়ার বাড়ীতে ভাড়া থাকেন বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,  ৫/৬ টি ফেইসবুক আইডি ব্যবহার করে  নানান অপকর্ম করতেন তিনি। এছাড়াও তিনি বেশ কয়েকটি ফেইসবুক পেইজ ও গ্রুপের অ্যাডমিন/ মডারেটর ছিলেন। এ সমস্ত ফেইসবুক আইডি এবং গ্রুপ/পেইজ হতে তিনি করোনা  বিষয়ক গুজব ছড়ানোসহ রাষ্ট্র বিরোধী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নামে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করতেন। 

আটক ব্যক্তির বিরুদ্ধে ঢাকা জেলাধীন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানায় র‍্যাব।