নেত্রকোনার কলমাকান্দায় রান্না ঘরের পাশের ডোবায় পড়ে গিয়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে কলমাকান্দায় পাঁচ শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল।
মঙ্গলবার দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের কুতিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। মাহমুদুল্লাহ নামের ওই শিশুটি বিল্লাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রান্না ঘরে মাহমুদুল্লাহ তার মায়ের পাশে বসে খেলা করছিল। রান্নায় ব্যস্ত থাকায় মায়ের অজান্তে কোনা এক সময় রান্না ঘরের পাশের ডোবায় পড়ে যায় শিশুটি।
অনেক খোঁজাখুঁজির পর দুপুর আড়াইটার দিকে শিশুটিকে ডোবার পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. আশেক উল্লাহ খান শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম।