কক্সবাজারে করোনায় আরও ২ রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৫ জনের করোনা পজিটিভ এসেছে।

এ নিয়ে তিনজন রোহিঙ্গার মৃত্যু হলো এবং ৩৫ জন আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গার মৃত্যু হয়। মৃত দুজনই পুরুষ। এর মধ্যে একজন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১০ নম্বর অপরজন ৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা। একজনের বয়স ৭০ অন্যজন ৫৮ বছর বয়সী।

এর আগে গত ৩০ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭১ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এটি ছিল এ ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো রোহিঙ্গার প্রথম মৃত্যু।

এছাড়া এই পর্যন্ত ৩৫জন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত সবাই উখিয়ার কুতুপালংস্থ লম্বাশিয়াসহ বিভিন্ন ক্যাম্পে।