দিনাজপুরের পার্বতীপুরে ডিলারের বিরুদ্ধে ওএমএস (১০টাকা কেজি) এর চালের ওজনে কম দেয়ায় অভিযোগ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
বুধবার দুপুরে তারা পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের নিকট অভিযোগ করেন। এক মাস আগেও এলাকাবাসী একই অভিযোগ করলেও তার কোন সুরাহা হয়নি।
জানা যায়, গত ১৪ ও ১৫ মে পার্বতীপুর পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ডিলার মো. হজ্জাজুল ইসলাম ওএমএস (১০টাকা কেজি) এর কার্ডধারীদের নিকট চাল বিতরণ করেন। সে চাল অন্যত্র মেপে দেখা যায় দেড় থেকে দুই কেজি চাল ওজনে কম। এ নিয়ে প্রতিবাদ করলে তিনি কার্ডধারীদের গালিগালাজ ও ধাক্কাধাক্কি করেন। এ ঘটনায় দুই দফা ভুক্তভোগী এলাকাবাসী ডিলারের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
কার্ডধারী আবুল কালাম জানান, এই ডিলার থাকাকালীন আমরা কার্ডের চাল উত্তোলন করব না।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেলোয়ার হোসেন সরকার জানান, অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। তবে তিনি আর কিছু বলেননি।
ডিলার হজ্জাজুল ইসলাম জানান, চাল কম দেয়ার প্রশ্নই উঠে না, আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে।