নদীতে নৌকা ও সাগরে ট্রলারডুবি

১ জনের মৃত্যু দম্পতি নিখোঁজ

পটুয়াখালীর বাউফলে ঢাকা-কালাইয়া রুটের যাত্রীবাহী ডবলডেকার লঞ্চ ঈগলের ধাক্কায় খেয়া নৌকা ডুবে এক যাত্রী মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন এক দম্পতি। গতকাল বৃহস্পতিবার ভোরে বাউফল উপজেলার নুরাইনপুর লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। মারা যাওয়া যাত্রী আনোয়ার হোসেনের (৪৫) বাড়ি কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে কালাইয়ার উদ্দেশে আসা ঈগল লঞ্চটি নুরাইনপুর ঘাটে নোঙর করার সময় লঞ্চঘাটসংলগ্ন খেয়া নৌকাটিকে ধাক্কা দেয়। এ সময় খেয়া নৌকায় থাকা ১০-১২ জন যাত্রী পানিতে পড়ে যান। এতে আনোয়ার হোসেন ডুবে মারা যান এবং আসলাম ও জান্নাত নামে এক দম্পতি নিখোঁজ হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দম্পতির সন্ধানে ডুবুরিরা উদ্ধারকাজ পরিচালনা করছিল।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে গত বুধবার সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে চার জেলেসহ একটি মাছধরার ট্রলার ডুবে নিখোঁজ হয়। গতকাল বৃহস্পতিবার ভোরে রামনাবাদ নদের মোহনা থেকে অন্য ট্রলারের জেলেরা ভাসমান অবস্থায় এসব জেলেকে উদ্ধার করেন।