লাশ দাফনের জন্য রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের অ্যাম্বুলেন্স, পিপিই বিতরণ

করোনা উপসর্গে ও করোনায় আক্রান্ত হয়ে মৃতদেহ স্থানান্তরের জন্য অ্যাম্বুলেন্স এবং মৃতদেহের দাফন-গোসল ও জানাজার জন্য স্বেচ্ছাসেবকদের পিপিই-রেনইকোট-গামবুটসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব। 

বুধবার বিকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী রক্তদাতা ও মানবিক সংগঠন রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় এবং আমার লক্ষ্মীপুর ফাউন্ডেশনের সহযোগিতায় রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান দাফনে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের সুরক্ষা সামগ্রী তুলে দেন।

আমার লক্ষ্মীপুর ফাউন্ডেশনের পরিচালক সদস্য ডাক্তার আরমান খানের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

আমার লক্ষ্মীপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিবেদক মো. ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রায়পুর এল এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান ভূইয়া, রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক হারুন অর রশিদ, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সহ-সভাপতি ইব্রাহীম সোয়েব পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আজিজ শাকিল, কোষাধ্যক্ষ রায়হানুর রহমান প্রমুখ।

রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের উপদেষ্টামণ্ডলীর নাম প্রকাশ্যে অনিচ্ছুক সদস্যের আর্থিক অনুদানে দুই মাসের জন্য একটি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স ভাড়া নেয়াসহ তিন শতাধিক পিপিই, অর্ধশত রেইনকোট, ৮০ জোড়া গামবুট, ১ হাজার পিস মাস্ক বিতরণের জন্য প্রেরণ করা হয়।