চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উল্টো পথে আসা বালুবাহী একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে যাত্রীবাহী বাস। এ ঘটনায় বাসের দুই যাত্রী নিহত হয়েছেন,আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।
রবিবার বেলা দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,পটিয়া উপজেলার বাটিখাইন গ্রামের মোহাম্মদ ইলিয়াছের স্ত্রী হুমায়রা মাহমুদ (৩২) ও বোয়ালখালী উপজেলার গোমদন্ডী গ্রামের মৃত ছালেহ আহমদের ছেলে আবদুল হালিম (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পটিয়া থেকে মান্নান এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস শহরের দিকে যাচ্ছিল। এ সময় উল্টো পথে আসা বালুবাহী একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করে বাসটি। ওই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান দুই যাত্রী।
কর্ণফুলী থানার এসআই জাহিদুর রহমান বলেন, ঘটনার পরপর পিকআপটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আহতদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। লাশ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।