মাগুরায় জেলা জজ কামরুল হাসানসহ নতুন করে আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে পাঁচজনই পৌর এলাকার। বাকি তিনজন মহম্মদপুর ও শালিখা উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় শনাক্ত করোনা রোগী ৭২ জন।
সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, মঙ্গলবার পাওয়া রিপোর্টে আটজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মাগুরায় আক্রান্তের সংখ্যা ৭২। আক্রান্তদের মধ্যে আছেন জেলা ও দায়রা জজ কামরুল হাসান। অন্যরা হলেন, জজকোর্ট বাংলোর দুজন, শহরের খানপাড়ায় একজন, স্টেডিয়ামপাড়ায় একজন, পুলিশ লাইনপাড়ায় একজন, শালিখা উপজেলার গোপাল গ্রামের একজন, মহম্মদপুর উপজেলার ভাটারা গ্রামের একজন এবং দীঘার একজন। এ পর্যন্ত জেলায় মোট এক হাজার ৩২৭ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৭২ জনের। জেলায় করোনায় মারা গেছেন দুজন।