সীতাকুন্ড থেকে চট্টগ্রাম শহরের নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়বকুন্ড ইউনিয়নের সিরাজ ভূইঁয়া রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরকত উল্ল্যাহ খান (৩২) ও রাকিব উল্ল্যাহ (৩৫) । রাকিব উল্ল্যাহর ছোট ভাইয়ের বিয়ের পাত্রী দেখে উভয়ে বাড়ি ফিরছিলেন বলে জানা যায়। তারা উভয়ে পাহাড়তলীর পান্জাবী লেনের বাসিন্দা।
নিহত বরকত উল্ল্যাহর পিতার নাম জসিম উদ্দিন ও রাকিব উল্ল্যাহর বাবার নাম মো. হাফিজ।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে চট্টগ্রামমুখী একটি লরিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বরকত উল্ল্যাহ নিহত হন। গুরুতর আহত অবস্থায় রাকিব উল্ল্যাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে রাতেই তার মৃত্যু হয়।
মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করেন।