চট্টগ্রাম নগরীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী বারুণীঘাট এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। নিহত ওই যুবক হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাইসহ সাতটি মামলার আসামি বলে জানান, পাহাড়তলী থানার ওসি মঈনুর রহমান।
নিহত মো. রাসেল (২৭) নগরীর গ্রিণভিউ আবাসিক এলাকার তিন নম্বর সড়কের বাসিন্দা।
পাহাড়তলী থানার ওসি মঈনুর রহমান জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে রাসেলসহ সন্ত্রাসীদের একটি দল বারুণীঘাট এলাকায় অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ তাদের আটক করতে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষে প্রায় ২০ মিনিট গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র ও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ওসি আরও জানান, রাসেল একজন দুর্ধর্ষ ছিনতাইকারী ও সন্ত্রাসী। ছিনতাই, খুন, খুনের চেষ্টা এমন কোনো অপরাধ নেই যা রাসেল করে না। তার বিরুদ্ধে পাহাড়তলী ও ডবলমুরিং থানায় সাতটি মামলা আছে।