আনোয়ারা হাসপাতালে ২০ শয্যার করোনা ওয়ার্ড তৈরির নির্দেশ ভূমিমন্ত্রীর

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যার একটি করোনা ওয়ার্ড প্রস্তুত করার জন্য নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

এছাড়া রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালে সিসিটিভি লাগানোসহ করোনা ওয়ার্ড তৈরিতে প্রয়োজনীয় সরঞ্জামাদির একটি তালিকা চেয়েছেন তিনি।

শনিবার দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে এক বৈঠকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দীনকে এ নির্দেশ দেন মন্ত্রী।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইমরান হোসেন বাবুসহ দলীয় নেতাকর্মী ও হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করে ভূমিমন্ত্রী বলেন, দেশে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এটি শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী সমস্যা। মানুষ যেন করোনাভাইরাস থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেটিই আমরা চাই। করোনার সঙ্গে মোকাবিলা করে আমাদের বেঁচে থাকতে হবে। এজন্য স্বাস্থ্যবিধি মেনে চলে ঘরের বাইরে মাস্ক পরার অনুরোধ করেন তিনি।

এ সময় হাসপাতালের প্রয়োজনে নিজ তহবিল থেকে অনুদান দেওয়ার কথা জানিয়ে চিকিৎসকদের হাসপাতালে উপস্থিতি ও রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। পরে মন্ত্রী শোলকাটা লাবিবা কনভেনশন হলে আইসোলেশন কেন্দ্র পরিদর্শন করেন।