নবম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড নির্ধারিত রেজিস্ট্রেশন ফির বাইরে অতিরিক্ত ফি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ ৫ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সভাপতি পরমানন্দ দাস, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক বন্ধন কুমার বর্মন, সদস্য মাছুদা আক্তার, কলি রানী বর্মন ও উম্মে নিলুফা তিন্নি প্রমুখ।
বক্তারা বলেন, নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে বোর্ড নির্ধারিত ফির বাইরে গিয়ে বিদ্যালয়গুলো অতিরিক্ত ফি আদায় করছে। ফলে করোনা ও বন্যাকালীন সময়ে অভিভাবক ও শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন।
সারাদেশে সাংবাদিকসহ বিভিন্ন মানুষকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফেলে হয়রানি করা হচ্ছে। যা মুক্ত সাংবাদিকতা ও কথা বলার অধিকার হরণের শামিল। এজন্য অতিরিক্ত ফি নেওয়া বন্ধ ও আইনটি বাতিলের দাবি জানান বক্তারা।
এ ছাড়া করোনার উপসর্গের মতো কোনো অসুখে কেউ অসুস্থ হলে তাকে কোনো হাসপাতাল ফেরত না দিয়ে তার স্বাস্থ্যসেবা নিশ্চিতেরও দাবি জানান বক্তারা।
সেইসাথে করোনাকালীন সময়ে ছাত্রদের এক বছরের বেতন ও বিভিন্ন ফি মওকুফ করে প্রজ্ঞাপন জারি, পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণব্যতীত অনলাইন শিক্ষা কার্যক্রম বাতিল এবং রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল ও শ্রমিক ছাঁটাই বন্ধেরও দাবি জানান বক্তারা।