সুশান্তের আত্মহত্যায় সালমানের সাবেক ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ

বলিউডের জনপ্রিয় তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সালমান খানের সাবেক ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তার নাম রেশমা শেঠি। প্রায় ৫ ঘণ্টা রেশমাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে রেশমাকে জিজ্ঞাসাবাদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

জিনিউজের প্রতিবেদন বলছে, সালমান খানের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর বর্তমানে অক্ষয় কুমার, আলিয়া ভাটের সঙ্গে কাজ করেন রেশমা শেঠি। পাশাপাশি বলিউডের অন্যতম ট্যালেন্ট হান্টের প্রধান রেশমা শেঠির সঙ্গে সুশান্ত সিং রাজপুতের কোনো কথা হয়েছে কি না, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়ে থাকতে পারে বলে মনে করছে বিভিন্ন মহল। রেশমা শেঠি এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করেননি।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় পরিচালক সঞ্জয় লীলা বানসালির পর রেশমা শেঠিকে জিজ্ঞাসাবাদ করলো পুলিশ।

গত ১৪ জুন ব্যান্দ্রায় নিজের চার্টার রোডের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর পর এখনো পর্যন্ত ২০ জনেরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যার মধ্যে রিয়া চক্রবর্তী, সন্দীপ সিং, শানো শর্মা-রা রয়েছেন।