মশিয়ালীতে ৩ হত্যা: বহিষ্কৃত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলা

খুলনার খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামে গুলি করে তিনজনকে হত্যাকার দু’দিন পর শনিবার বহিষ্কৃত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রাতে একটি মামলা দায়ের হয়েছে। 

শনিবার রাতে নিহত সাইফুল ইসলামের পিতা সাইদুল শেখ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মামলায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা শেখ জাকারিয়া হাসান এবং তার অপর দুই ভাই বহিষ্কৃত ছাত্রলীগ নেতা শেখ জাফরিন হাসান ও মিল্টনসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/১৬ জনকে আসামি করা হয়েছে। 

খানজাহান আলী থানার ডিউটি অফিসার এসআই ধনঞ্জয় এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে তিন খুনের অন্যতম হোতা শেখ জাফরিন হাসানকে গ্রেপ্তার করে কেএমপি’র গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

শনিবার বিকাল সোয়া ৫টায় যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দাঁতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়া শুক্রবার আটক হয় জাফরিন শেখের সহযোগী জাহাঙ্গীরকে পুলিশ যশোরের অভয়নগরের নওয়াপাড়া থেকে আটক করে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মুজিবর নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক জাকারিয়া এবং তার ভাই জাফরিন ও মিল্টন পুলিশের হাতে ধরিয়ে দেয়। 

এ ঘটনায় গ্রামের বেশ কয়েকজন জাকারিয়ার বাড়িতে এ বিষয়ে জিজ্ঞেস করতে যায়। 

এ সময় জাকারিয়ার সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাকারিয়া, জাফরিন কবির ও মিল্টন তাদের ওপর গুলিবর্ষণ করে। এতে নিহত হয় মশিয়ালী গ্রামের নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম। অপর দিকে, বিক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে মৃত্যু হয় জাকারিয়া বাহিনীর সদস্য ও জাকারিয়ার চাচাতো ভাই জিহাদ শেখের।