সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার শয়তানখালী হাওরে শনিবার সন্ধ্যায় নৌকাডুবিতে বাবা ও মেয়ে নিখোঁজ হয়েছে। বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খেতে যা্ওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন- ধরমপাশার হলিদাকান্দা গ্রামের বাসিন্দা সামাল মিয়া (২৫) ও তার তিন বছরের মেয়ে তানজিনা।
ধরমপাশা থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর এলাকা থেকে শনিবার সন্ধ্যায় পাশের জামালগঞ্জ উপজেলার আমানীপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে নারী, শিশুসহ ছয়জন একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে আমানীপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হন।
সন্ধ্যা সাড়ে সাতটার দিক ধরমপাশা উপজেলার শয়তানখালী হাওরে পৌঁছালে ঝোড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি পানিতে ডুবে যায়।
এ সময় নৌকায় থাকা লোকজনের চিৎকারে আশপাশের লোকজন নৌকা নিয়ে ছুটে এসে অন্যদের উদ্ধার করলেও বাবা ও মেয়ে নিখোঁজ রয়েছে।
ধরমপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, রবিবার সকাল পৌনে নয়টা পর্যন্ত দুজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন হাওরে নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।