তৃণমূল নেতাদের কারণে আওয়ামী লীগ টিকে আছে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চার দশক ধরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ, পৌরসভা ও স্থানীয় আওয়ামী লীগে নেতৃত্বদানকারী আলহাজ খলিলুর রহমান চৌধুরীর টিনের চালের ঘর চল্লিশ বছরেও বদলায়নি। তিনি প্রয়াত হয়েছেন, কিন্তু তার ত্যাগের আদর্শ সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমানের জানাজার নামাজের আগে এ কথা বলেন তিনি।

গত বৃহস্পতিবার দুপুরে খলিলুর রহমান (৯৪) মারা যান। তার মৃত্যুর খবর পেয়ে সন্ধ্যায় বিমানযোগে চট্টগ্রাম হয়ে রাঙ্গুনিয়া পৌঁছান তথ্যমন্ত্রী এবং জানাজায় অংশ নেন। জানাজার আগে স্মৃতিচারণে ড. হাছান মাহমুদ বলেন, ‘মরহুম খলিলুর রহমান চৌধুরী ছিলেন বঙ্গবন্ধুর কর্মী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। দলের জন্য শ্রমিক নেতা হিসেবেও কাজ করেছেন। উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের দায়িত্বের পাশাপাশি ১৫ বছর রাঙ্গুনিয়া আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। জীবনে কোনো লোভ-লালসা তার মধ্যে ছিল না। আমি ব্যক্তিগতভাবে এমন একজন মুরুব্বিকে হারিয়েছি, যার কাছে সমস্ত দলমতের মানুষ যেতে পারতেন।’

তিনি বলেন, ‘আমাদের দল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত ঝড়ঝাপটা ও প্রতিকূলতার মধ্যেও টিকে আছে তৃণমূলে খলিলুর রহমান চৌধুরীর মতো নেতাদের কারণে, যারা জনগণের আস্থা এবং ভরসাস্থল হিসেবে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে যুগ যুগ ধরে জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।’

প্রয়াত নেতা খলিলুর রহমান চৌধুরীর আত্মার শান্তি কামনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘তিনি এমন একজন সর্বজন শ্রদ্ধেয় এবং গ্রহণযোগ্য মুরুব্বি ছিলেন, যার কারণে বিগত উপজেলা নির্বাচনে কেউ তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেনি। তিনি দেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও এর আগে সর্ব-বয়োজ্যেষ্ঠ পৌরসভা মেয়র ছিলেন।’

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, পৌরসভা মেয়র আলহাজ শাহজাহান সিকদার, জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ইদ্রিছ আজগর, নজরুল ইসলাম তালুকদার, রাঙ্গুনিয়া  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসন খান, আরিফুল ইসলাম চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক জসীম উদ্দিন তালুকদার প্রমুখ।